মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আজ বুধবার কঠোর নিরাপত্তার মধ্যে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত| সকাল ছয়টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত|
সকাল থেকে মাগুরায় শান্তিপূর্ণভাবে হরতাল শুরু হয়েছে। হরতালে নাশকতা মোকাবেলায় মাগুরা শহর ও তিনটি উপজেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
বুধবার ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত মাগুরার কোথাও কোনো ঝটিকা মিছিল কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি।
হরতালে রিক্সা-ভ্যান ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলছে।
জেলার মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় তেমন হরতাল পালিত হচ্ছে না। এসব এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এসব উপজেলাগুলোতে হরতালেরর কোনো প্রভাবই পড়েনি।
এদিকে, হরতালে নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী মোড় ও খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। টহল দিচ্ছে বিজিবিও।
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, স্পর্শকাতর সব জায়গায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।



