মাগুরানিউজ.কমঃ
ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে প্রস্তবিত ২০শয্যা হাসপাতালের ভবন নির্মাণ কাজ ঝুলে আছে নয় বছর। হাসপাতালের সরকারী জমি আছে তিন একর। দশ কোটি টাকার উপরে বরাদ্দও আছে। সরকারী ভাবে হাসপাতালের যন্ত্রপাতিও চলে এসেছে। কিন্তু রাজনৈতিক গন্ধ থাকায় হাসপাতাল ভবন নির্মান কাজ থেমে আছে বছরের পর বছর। হাসপাতাল না থাকায় এখানকার লোকজনকে জরুরি চিকিৎসা নিতে পনের থেকে ষোল কিলোমিটার দূরে যেতে হচ্ছে।
হাটগোপালপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, হাটগোপালপুর বাজার ঝিনাইদহ জেলার গুরুত্বপূর্ণ এলাকা। এই বাজারের দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মকর, দোগাছি ও হরিশংকরপুর ইউনিয়ন এবং মাগুরা জেলার হাজিপুর এলাকার পাঁচটি গ্রামের পঞ্চাশ হাজার মানুষ যাতায়াত করেন।
এলাকাবাসি সুজিত কুমার কুণ্ডু বলেন, সরকার বাজারের পশ্চিম পাশে তিন একর জমি অধিগ্রহন করে। সুজিত নিজেও তের শতাংশ জমি দিয়েছেন। সরকারের পক্ষ থেকে তাঁদের জমির মূল্য বাবদ সাড়ে বাষট্টি লাখ টাকা পরিশোধ করা হয়। কিন্তু হাসপাতাল আর হয়নি।
তাই এখনো হাটগোপালপুরসহ মাগুরা জেলার হাজিপুর এলাকার পাঁচটি গ্রামের পঞ্চাশ হাজার মানুষের চিকিৎসা নিতে পনের কিলোমিটার দূরে ঝিনাইদহ সদর অথবা ষোল কিলোমিটার দূরের মাগুরা হাসপাতালে যেতে হয়।
এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন আবদুস সালাম জানান, তাঁরাও চান ওই স্থানে হাসপাতালটি নির্মাণ করা হোক। বিষয়টি নিয়ে তিনি উচ্চ পর্যায়ে যোগাযোগ করবেন বলে জানান।


