মাগুরানিউজ.কমঃ
আইপিএলের অষ্টম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বৃহস্পতিবার বিকেল ৫টায় কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এ নিয়ে চতুর্থবারের মত কলকাতায় খেলবেন সাকিব। তবে মাত্র দুই ম্যাচের জন্যে সাকিবকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আইপিলের মিশন শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে সাকিব নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন। আইপিএল নিয়ে সাকিব নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানান। তা নিচে তুলে ধরা হলো:
প্রশ্ন: এবারের আইপিএল কি সাকিবের কাছে ভিন্ন কিছু, বাংলাদেশের ভালো পারফরমেন্সের কারণে প্রত্যাশাও বেড়ে গেল সমর্থকদের?
সাকিব: না! বিশ্বকাপ এক জিনিস, জাতীয় দলে খেলা এক জিনিস আর কোনো ফ্রাঞ্চাইজির হয়ে খেলা আরেক জিনিস। সবগুলোই আলাদা।
প্রশ্ন: বিশ্বকাপের ভারত ও বাংলাদেশের ম্যাচে কিছু ঘটনা ঘটেছিল। এখন আপনি আইপিএলে যাচ্ছেন। ভিন্ন কিছু অনুভূতি হচ্ছে?
সাকিব: আমার ভেতরে কোনো অনুভূতি আছে বলে মনে হয় না। খেলতে যাচ্ছি আইপিএল। আমার ক্রিকেটের উন্নতির জন্যে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আমি এখন ওখানেই ফোকাস করছি।
প্রশ্ন: আপিএলের কারণে বিসিএল মিস হচ্ছে না?
সাকিব: না আমার কাছে মনে হয় না। কারণ বিসিএল থেকে কোনো অংশে কম নয় আইপিএল।
প্রশ্ন: পাকিস্তান সিরিজ নিয়ে পরিকল্পনা?
সাকিব: এখন পর্যন্ত কোনো কিছু চিন্তা করিনি। কাল (শুক্রবার) থেকে কেকেআরের সঙ্গে অনুশীলন শুরু করবো। মাথায় তো অবশ্যই পাকিস্তান সিরিজ থাকবে। কারণ মাত্র দুটি ম্যাচ খেলবো। প্রথম দুটি ম্যাচ যদি আমি খেলি এবং ভালো খেলতে পারি তাহলে ওই আত্মবিশ্বাসটা অবশ্যই কাজে লাগবে। তাছাড়াও আমাদের বিশ্বকাপ পারফরম্যান্স ও হোম কন্ডিশন পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখবে আমাদের। এই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের সঙ্গে সিরিজ জিততে আমরা আশাবাদী।
প্রশ্ন: ভারতীয় আর বাংলাদেশি সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। খেলার সময় এগুলো মনে থাকবে?
সাকিব: আসলে এগুলো মাথায় রাখার মত কোনো বিষয় না। এগুলো চিন্তাও করবো না। আমার কাজ হবে কেকেআরের হয়ে দুটি ম্যাচ ভাল করা এবং দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে ভাল করা।


