মাগুরানিউজ.কমঃ
রাজধানীর ভাটারা এলাকা থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে ভাটারার সুজনটেক এলাকার একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত স্কুলছাত্রীর নাম ফারজানা আক্তার লিজা (৯)। সে ভাটারার সোলমাইদ উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। বাবার নাম ফারুক হোসেন। গ্রামের বাড়ি মাগুরা জেলার ডুমুসিয়া গ্রামে। তার পরিবার ভাটারার মসজিদ রোডের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুর সোয়া একটার দিকে সুজনটেকের মোহাম্মদ আরেফিন সাহেবের পুকুর পাড় থেকে বস্তাবন্দী অবস্থায় লিজার লাশ উদ্ধার করা হয়। লাশের দুই হাত বাঁধা ছিল। গলায় আঁচড়ের দাগ ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।
লিজার মামা হাসিবুল জানান, গতকাল বিকেল চারটার দিকে লিজা পেনসিল কিনতে বাসার কাছের একটি দোকানে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। রাতে তার বাবা ফারুক হোসেন থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে লিজা খুন হয়ে থাকতে পারে। এ বিষয়ে তাঁরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

