মাগুরানিউজ.কমঃ
২৭ মার্চ মুক্তি পাচ্ছে মাগুরার সাব্বির অভিনীত চলচ্চিত্র ‘হরিযূপীয়া’। ঢাকার যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী, জোনাকী ও খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংসহ মোট ২০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।
হরিযূপীয়া’র চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল। ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- খায়রুল আলম সবুজ, মাহমুদুল ইসলাম মিঠু, কাজী রাজু, রিয়াজ মাহমুদ জুয়েল, পাভেল ইসলাম, সাব্বির আহমেদ, বিথী রানী সরকার, জুনায়েদ হালিম, শফিউল আলম, নাফা প্রমুখ।
‘হরিযূপীয়া’ শব্দটা কত প্রাচীন তা নিশ্চিত করে বলাটা কঠিন। তবে বহুশত বছর আগে হরপ্পায় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সে কারণে হরপ্পার আরও একটি পরিচয় ছিল হরিযূপীয়া। হরি শব্দটি ম্যাস পিপলকে বোঝাতে বলা হয়েছে। এখানে যূপ হচ্ছে যূপকাষ্ঠ অর্থাৎ যে বিশেষ কাঠের ফাঁকে প্রাণীর গলা ঢুকিয়ে তাকে বলি দেওয়া হয়। আর যূপীয়া বলির স্থানটিকে নির্দেশ করে। হরিযূপীয়া নামটি এই চলচ্চিত্রে গণহত্যার স্থান হিসেবে ব্যবহার করা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানী ও তাদের এদেশীয় দোসররা যে গণহত্যা চালিয়েছিল সেটাকে ঘিরেই হরিযূপীয়ার মূল গল্প আবর্তিত হয়েছে। বলে জানান ছবির নির্মাতা।


