মাগুরানিউজ.কমঃ
চালের মতো বিদেশে গম ও ভুট্টা রফতানি করার লক্ষ্যে দেশব্যাপী মহাপরিকল্পনা হাতে নিতে যাচ্ছে সরকার। স্বাধীনতার ৪৩ বছর পর প্রথমবারের মতো শ্রীলঙ্কায় চাল রফতানি করেছে বাংলাদেশ।
চালের পাশাপাশি দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে গম ও ভুট্টা রফতানির লক্ষ্য নিয়ে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
অপরদিকে সাম্প্রতিককালে দেশে পোল্ট্রি শিল্প দ্রুত প্রসার লাভ করছে এবং মূলত পোল্ট্রি খাদ্যে ভুট্টার চাহিদার কারণেই এর চাহিদাও ব্যাপক। চাষীদের মাঝে হাইব্রিড ভুট্রার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। ভুট্টার চাষ লাভজনক হওয়ার কারণে এই আবাদ প্রসার লাভ করেছে। যে কারণে ভুট্টা চাষে মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
এর জন্য ৪৬০ কোটি খরচ করবে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটউট(বারি) খাদ্য উৎপাদন বাড়াতে প্রধান ভূমিকা পালন করবে।
কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, বিএডিসি ও বারি আলাদাভাবে ধান, গম ও ভুট্টার ফলন বাড়াতে নানা ধরনের কার্যক্রম হাতে নিচ্ছে। হাইব্রিড জাতের ধান, গম ও ভুট্টার উৎপাদন বাড়ানোর জন্য বিএডিসি ও বারি ৪০টি জেলার ১০১টি উপজেলায় আলাদাভাবে নানা কার্যক্রম পরিচালনা করবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ও কৃষিবিদ এজেড এম মমতাজুল করিম বাংলানিউজকে বলেন, এটা আমাদের একটি মহাপরিকল্পনা। প্রাথমিকভাবে ১০১টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। পরবর্তী পর্যায়ে আমরা সারা দেশেই এটি বাস্তবায়ন করতে পারবো। আমরা চালের মতো গম ও ভুট্টা বিদেশে রফতানি করতে চাই।’
‘সেই লক্ষ্যেই এ মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি। একদিকে আমাদের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে অপরদিকে খাদ্য রফতানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবো।’
মহাপরিকল্পনায় প্রকল্প এলাকা হিসেবে খুলনা বিভাগের মাগুরা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাকে নির্বাচন করা হয়েছে।


