মাগুরানিউজ.কমঃ
জন্ম মাগুরা জেলায় ৮ মে ১৯৮৯ সালে। বাবা আবু বকর ও মা সেলিনা আক্তার। বাবার চাকরি সূত্রে জন্মের পরপরই ঢাকায় আসা। ছোটবেলা থেকে তার জগৎ ছিল সাজানো-গোছানো। বিএএফ শাহীন স্কুল থেকে মাধ্যমিক, আইডিয়াল কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়েছেন। বর্তমানে বিবিএ করছেন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে।
বলছি জাকিয়া সুলতানা কর্ণিয়ার কথা। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি যে কাজটি কর্ণিয়া নিয়মিত করে আসছেন, তা হলো গান শেখা। ভর্তি হন ছায়ানটে। তারপর ওস্তাদ সঞ্জীব দের কাছে ক্ল্যাসিকসহ সব ধরনের গানের তালিম নিয়ছেন। এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে গাইতে গাইতে গায়িকা হিসেবে কর্ণিয়ার একটা অবস্থানও দাঁড়ায়। তবে ‘পাওয়ার ভয়েস ২০১২’-এ দ্বিতীয় স্থান অর্জন কর্ণিয়ার গানের গতি আরো বাড়িয়ে দেয়। স্টেজ শো, টিভি লাইভ শো, প্লেব্যাক, মিক্সড অ্যালবাম- সব কিছুর জন্যই এখন নিয়মিত ডাক পাচ্ছেন তিনি।
এবার কর্ণিয়া একক অ্যালবামের কাজ শুরু করেছেন। রক, পপ ও ফোক গানের পাশাপাশি নজরুল ও রবীন্দ্রসঙ্গীতেরও গান রাখা হবে অ্যালবামে। অধিকাংশ গানই ব্যান্ড মিউজিকের আদলে তৈরি করা হয়েছে। প্রথমবারের মত একক অ্যালবামে কাজ করতে গিয়ে কিছুটা নার্ভাস লাগছে বলে জানিয়েছেন কর্ণিয়া। তবে গানগুলো দর্শকদের অনেক ভালো লাগবে বলে উল্লেখ করেছেন কর্ণিয়া।
অ্যালবামে সুর ও সঙ্গীতের আয়োজন করেছেন ধারক ব্যান্ডের ভোকাল নির্ঝর চৌধুরী ও চিরকুট ব্যান্ডের ইমন। অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি তবে ইতিমধ্যে বেশ কয়েকিট গানের রেকর্ডিং হয়েছে বলে জানা গেছে। তাহলে অপেক্ষায় থাকুন দর্শক>>>


