শীতে গ্রামবাংলার মানুষের কাছে খেজুরের গুড় ও পাটালি একটি অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান। তাই ভরা এ শীত মৌসুমে মাগুরায় শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় ও পাটালি তৈরির উৎসব। খণ্ডকালীন এ পেশায় নিয়োজিত মাগুরার গাছিরা খেজুরের রস থেকে গুড় ও পাটালি তৈরির কাজে ব্যস্ত দিন কাটাচ্ছেন।
অনেক পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে উঠছে। মাত্র তিন-চার মাস খেজুরগাছ থেকে রস সংগ্রহ করে সারা বছরের সাংসারিক খরচ জোগানোর চেষ্টা করেন অনেকে।
এ মৌসুমে গুড় ও পাটালি বিক্রি করে স্থানীয় গাছিরা কাঙ্ক্ষিত দাম পেয়ে বেশ খুশি। তবে ইটভাটার কারণে অবাধে গাছ কেটে ফেলায় মাগুরায় খেজুরগাছ অনেক কমে গেছে। গাছের তুলনায় গাছির সংখ্যাও কম। ফলে গাছগুলোর পরিচর্যা করতে হিমশিম খাচ্ছেন গাছিরা। কোমরে মোটা রশি বেঁধে খেজুরগাছের অগ্রভাগের একটি নির্দিষ্ট অংশ চিরে বিশেষ নিয়মে ছোট কলসি (ভাঁড়) বাঁধা হয়। ফোঁটায় ফোঁটায় সারা রাত ধরে খেজুরের রসে পূর্ণ হয় ওই কলসি। ওই রস দিয়ে গুড় ও পাটালি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে পরিবারের সবাই।


