মাগুরানিউজ.কমঃ
র্যালি, আলোচনা সভা, আইনগত সহায়তা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে জেলা জজশিপ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা মহিলা পরিষদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং অসহায় ও দুস্থ মানুষকে বিনা খরচে আইনগত সহায়তা প্রদানের জন্য ২০১২ সাল থেকে সরকার এ কর্মসূচি শুরু করেছে।
২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাগুরায় অসহায়, অস্বচ্ছল ও দুস্থ মুক্তিযোদ্ধাদের মোট ১ হাজার ১৯৫টি মামলা গ্রহণ করা হয়।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মাগুরা জজশিপের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দিন।
এছাড়া সেখানে বক্তব্য রাখেন- যুগ্ম জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী ও সিনিয়র সহকারী জজ মোয়াজ্জেম হোসেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়- দেশের প্রতিটি জেলা জজ আদালতে স্থাপিত লিগ্যাল এইড অফিসের মতো মাগুরা জেলায়ও লিগ্যাল এইড অফিস চালু আছে। দুস্থ ও দরিদ্ররা সম্পূর্ণ বিনামূল্যে এ আইনগত সহায়তা পেয়ে থাকেন।
মাগুরায় বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান কমিটির অধীনে মোট ৬৫ জন আইনজীবী দুস্থ দরিদ্রদের আইনি সহায়তা দিচ্ছেন।
এ উপলক্ষে জেলা জজ আদালত চত্বরে বিকেলে আইন সহায়তা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।




