মাগুরানিউজ.কমঃ
মাগুরার প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে ইছাখাদা নীলকুঠি অন্যতম। সংস্কারের অভাবে যা এখন ধ্বংসপ্রায়। এ কারণে দর্শনার্থীর কাছে হয়তোবা এটি খুব একটা আকর্ষণীয় হবে না। তবে এর আশপাশে ইছাখাদাসহ হাজরাপুর ইউনিয়নের ১০টি গ্রামে লিচুসহ বিভিন্ন ফলের শত শত বাগান নীলকুঠি দেখতে আসা দর্শনার্থীদের মন কেড়ে নেবে।
মাগুরার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা এলাকায় মাগুরা-ঝিনাইদহ বিশ্বরোডের উত্তর দিকে এই নীলকুঠিটি। জেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার পশ্চিমে।
ঢাকা থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গার যেকোনো পরিবহনে এখানে খুব সহজেই আসা সম্ভব। সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা। ভাড়া ২৫০ থেকে ৫০০ টাকা। ইছাখাদা বাজারে পৌঁছে যে কাউকে জিজ্ঞেস করলেই নীলকুঠিটি দেখিয়ে দেবে। আর লিচু কিংবা অন্যান্য ফলের বাগান দেখার জন্য কারো সাহায্যের প্রয়োজন হবে না। কারণ, যেতে যেতেই নজরে আসবে অনেক বাগান।


