মাগুরানিউজ.কমঃ
বাউন্সার এখন যেন মৃত্যুফাঁদ। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউজের ঘাতক বাউন্সার। হিউজের মৃত্যুর পর বাউন্সার নামটি শুনতেই কেঁপে উঠে পুরো ক্রিকেট বিশ্ব।
আরো একটি হিউজকাণ্ড কেউই দেখতে চান না। কিন্তু বুধবার আরেকটি হিউজকাণ্ড জন্ম নিতে পারত! কিন্তু ভাগ্যদেবী সঙ্গে থাকায় রক্ষা।
ঘটনাটি ঘটেছে ভারতের ইডেন গার্ডেনে। রঞ্জি ট্রফিতে অভিমুন্য মিঠুনের বলে হেলমেটের পিছনে আঘাত পান মনোজ তিওয়ারি। ম্যাচের ৩৮তম ওভারের প্রথম বলে ঘটনাটি ঘটে। মাথায় আঘাত পাওয়ার পর তিওয়ারির হাত থেকে ব্যাট পড়ে যায়। তবে হেলমেট থাকায় বড় কোন অঘটন ঘটেনি। বলের আঘাতের পর তিওয়ারি দাঁড়িয়ে ছিলেন। কাছে থাকা ফিল্ডাররা তিওয়ারিকে ধরতে চলে আসেন।
মাথায় আঘাত পেলেও মাঠ ছেড়ে যাননি। পুনরায় ব্যাটিং শুরু করেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। বিনয় কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
সাজঘরে ফিরে হাসপাতালে ছুটে যান তিওয়ারি। সেখানে এমআরএই পরীক্ষা করান তিনি। ক্লাব কর্তৃপক্ষ বলছে, এখন সুস্থ রয়েছেন মনোজ তিওয়ারি।


