মাগুরানিউজ.কমঃ
সালেহ আহমেদের মায়াবী স্পিনে সফরকারী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার সাভারের বিকেএসপিতে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের তরুণ দলটি ৫ উইকেটে জয় পেয়েছে।
টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৭১ রান করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন উইয়ান মুল্ডার। স্বাগতিক দলের লেগ স্পিনার সালেহ ১৭ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট।
জবাবে ১৭২ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে ৩৮ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৮ রান করেন। তিন সপ্তাহের সফরে গত শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তারা সাতটি ওয়ানডে খেলবে। আগামী বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেও হবে এই ভেন্যুতে।


