মাগুরানিউজ.কমঃ
সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। রোববার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর দেড়টায়।
তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে।
এবার দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ও ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা দুই লাখ ১৫ হাজার ২১১ জন বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ছাত্র ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন, ছাত্রী ১৫ লাখ ছয় হাজার ৪৬৫ জন। ইবতেদায়িতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৫৪৮ জন ও ছাত্রী এক লাখ ৪৮ হাজার ২৭৩ জন।
সারা দেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরের ১১টি কেন্দ্রেও এ পরীক্ষা নেওয়া হচ্ছে।
এবার মোট ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক সমাপনী দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। ২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় আরো এক বছর পর থেকে। সেই অনুযায়ী ষষ্ঠবারের মতো প্রাথমিক সমাপনী ও পঞ্চমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবারও অন্যান্য বারের মতোই বিজি প্রেসের মাধ্যমে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি : প্রাথমিক সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৮ নভেম্বর গণিত পরীক্ষা হবে। ইবতেদায়ি সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কোরান ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্, ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


