মাগুরানিউজ.কমঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রোমাঞ্চের আবহ নিয়ে শুরু হয়েছে প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে প্রতিযোগিতার পর্দা উঠেছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৭০ জন সার্ফার লড়াই করবে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাক ডেইরি এন্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ডেপুটি সেক্রেটারি, জেনারেল ম্যানেজার মো: ফয়সাল শাহ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরীসহ অন্যরা।
লাবনী পয়েন্টে তিন ক্যাটাগরিতে (পেশাদার পুরুষ, মহিলা, বিগেনার) মোট ৭০ জন সার্ফার অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রতিটি বিভাগের সেমিফাইনাল ও ফাইনাল।
বিজয়ীদের জন্য থাকছে প্রাইজমানি। পেশাদার পুরুষ ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ২০, ১৫, ১০ হাজার টাকা। মহিলা ও বিগেনার ক্যাটাগরিতে প্রথম তিন বিজয়ী পাবেন যথাক্রমে ১০, ৬ ও ৪ হাজার টাকা।
টুর্নামেন্টে বিচারক হিসাবে কাজ করছেন যুক্তরাষ্ট্রের হাওয়াই ভিত্তিক সার্ফিং দ্যা নেশন্সের আট পেশাদার সার্ফার। তাদের সঙ্গে আছেন প্রতিষ্ঠানটির চিফ টম হাওয়ার্ড।


