মাগুরানিউজ.কমঃ
জাতীয় সংসদ ভবনে স্বরসতী পূজার আয়োজন করা হচ্ছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে প্রথমবারের মতো এ পূজার আয়োজন করা হবে।
আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যায় মাঘের শ্রী পঞ্চমী তিথিতে সংসদের মেডিকেল সেন্টারের সামনের মাঠে এ পূজা অনুষ্ঠিত হবে। ফলে চলছে সংসদে পূজা উৎযাপনের প্রস্তুতি। হিন্দু ধর্মালম্বী কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নেয়া হচ্ছে চাঁদা।
বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ সংসদে স্বরসতী পূজা অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ‘সংসদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া ইস্টার সানডেও পালন করা হয়। কিন্তু এ পর্যন্ত হিন্দু ধর্মালম্বীদের কোনো পূজা অনুষ্ঠিত হয়নি। দেশকে অসাম্প্রদায়িকভাবে তুলে ধরতে এবং সব ধর্মের প্রতি সমান মর্যাদা প্রতিষ্ঠার জন্য স্বরসতী পূজার অনুমতি দেওয়া হোক।’
এরপর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এ বিষয়ে সুপারিশ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে। পরে স্পিকার এর অনুমতি দেন।
সূত্র জানায়, স্বরসতী পূজাকে সফল করতে সংসদের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তীকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করা হয়েছে।
এ বিষয়ে প্রণব চক্রবর্তী জানান, জাতীয় সংসদে পূজার আয়োজন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এজন্য সংসদের হিন্দু কর্মকর্তাদের ১৫০০ ও কর্মচারীদের ৫০০ টাকা চাঁদা ধরা হয়েছে। পূজার দিন সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হবে। এ উপলক্ষে সর্বসাধারনের জন্য সংসদের মনিপুরীপাড়ার গেইট খোলা রাখা হবে।
সংসদের ডেপুটি সার্জেন্ট এট আর্মস সাদরুল আহমেদ জানান, সংসদের পঞ্চম অধিবেশন ১৯ জানুয়ারি শুরু হবে। অধিবেশন চলাকালীন সংসদে এধরনের কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া না হলেও ধর্মীয় বিবেচনায় পূজার অনুমতি দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।


