মাগুরানিউজ.কমঃ
পৃথিবীর আলো বাতাস গায়ে লেগেছে এক মাসও হয়নি। এর মধ্যেই ৩১ লাখ টাকার মালিক হয়ে বসে আছে ভারতীয় এক শিশু। মাত্র ২৮ দিন বয়সে এতো টাকার মালিক হয়ে বাবা-মা’র জন্য হয়তো সৌভাগ্যই বয়ে আনছে শিশুটি।
ঘটনা ঘটেছে দুবাইয়ে। ভারতের নাগরিক নিথারা জনার্দনন পুরো পরিবার নিয়ে সেখানেই থাকেন। ছেলে হয়েছে মাত্র ২৮ দিন হলো। সেই পুত্রকে নিয়ে দুবাইয়ের এক শপিং মলে গিয়েছিলেন জনার্দনন।
শপিংয়ে গিয়ে ছেলের জন্য নানা উপহার কেনেন তিনি। এক সময় সন্তানের জন্য একটি সোনার হার ও লকেট কিনতে একটি শপিং মলে ঢুকেন জনার্দনন। সেখানে দুবাই শপিং ফেস্টিভ্যালের জন্য কুপন বিক্রি হতে দেখে সন্তানের নামে তিনটি কুপন কেনেন তিনি। তবে বিষয়টিকে এতোটা আমলে নেননি তিনি।
কিন্তু কয়েক ঘণ্টা পরেই কর্তৃপক্ষের ফোন পান জনার্দনন। তারা জানান, জনার্দননের কেনা কুপনগুলো ৩৯ হাজার ডলার পুরষ্কার জিতেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩১ লাখ টাকা।
ফোন পাওয়ার পর প্রথমে বিশ্বাস করেননি জনার্দনন। ভেবেছিলেন প্রতারক চক্রের কাজ। কিন্তু গিফট চেক হাতে পাওয়ার পর অবাক না হয়ে পারেন নি জনার্দনন।
তবে ভাগ্য এখানেই শেষ নয় ওই শিশুর। সেই সন্ধ্যাতেই সে হীরা ও সোনার গহনাও জিতেছে। এক দিনেই লাখপতি শিশু!


