মাগুরানিউজ.কমঃ
দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হার্ডওয়্যার হ্যাকাথন বিষয়ক প্রতিযোগিতা ‘মেক-এ-থন’। আগামী ১৮ থেকে ২০ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির ইএমকে সেন্টারে তিন দিনব্যাপী আর্ন্তজাতিক হার্ডওয়্যার তৈরির এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার ৩ জন বিজয়ী ভারতের আহমেদাবাদে আগামী ১০-১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেকারফেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রযুক্তিপ্রেমী ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, ডিজাইনার যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বেটার স্টোরিজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা।
শনিবার বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানান বেটার স্টোরিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনোয়ার ও বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, জিকি সিইও মাহাদী হাসান সাগর ও বেটার স্টোরিজ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা মোহাইমেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দিয়ে সহায়তা করবে টেকশপ বিডি। পাশাপাশি উদ্ভাবিত পণ্যের বাজারজাতেও সহায়তা করা হবে।
আগ্রহীরা www.bangladeshstartup.com ওয়েবসাইট থেকে অথবা ০১৭২০৬৩৯৮৪৩ নম্বরে কল করে প্রতিযোগিতায় নিবন্ধন করতে পারবেন।


