ন্যাশনালডেস্ক,মাগুরানিউজ.কম:
দুর্যোগ ব্যবস্থাপনায় ই-লাইব্রেরি চালু করেছে সরকার। বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ লাইব্রেরি উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে www.dmic.org.bd/e-library ঠিকানায় ই-লাইব্রেরিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন সংশ্লিষ্ট প্রকাশনাসমূহ যেমন বই, গবেষণা/স্টাডি রিপোর্ট, ম্যানুয়েল প্রতিবেদন, তথ্যপুস্তক, মানচিত্রসহ লিফলেট সংযোজন করা হয়েছে।
ব্রাক বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় মন্ত্রণালয়ের সিডিএমপি-২ (কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম) -এর আওতায় এ লাইব্রেরিটি চালু হলো।
এছাড়া দুর্যোগ সংক্রান্ত নীতিমালা, দুর্যোগ সংক্রান্ত আদেশসহ যাবতীয় তথ্যাদি এখানে থাকছে। দুর্যোগ ব্যবস্থাপনায় জড়িত দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নাম ঠিকানা ও তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ প্রকাশনাও এরমধ্যে সন্নিবেশ করা হয়েছে।
উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, এ ই-লাইব্রেরির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের জানার সুযোগ হবে। এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোন তথ্য খুব সহজেই অবগত হয়ে জনগণ নিজের করণীয় নির্ধারণ করতে পারবে।
সিডিএমপি-২ এর জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, এ লাইব্রেরিতে বিনামূল্যে সদস্য হওয়ার মাধ্যমে যে কোন ব্যক্তি এ প্রতিষ্ঠানের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সংক্রান্ত তথ্য ও জ্ঞান আহরণ ও বিনিময় সহজ হবে। এছাড়া কেউ এর তথ্য উন্নয়ন ও নিজস্ব কনটেন্ট আপলোড করারও ব্যবস্থাও রয়েছে।

