মাগুরানিউজ.কমঃ
ভালো কলেজে পড়তে গ্রাম থেকে যশোরে গিয়েছিল শরিফ শিকদার (২০)। উদ্দেশ্য ভালোভাবে পড়ালেখা শিখে বাবা-মায়ের মুখ উজ্জল করবে। কিন্তু দুর্বৃত্তরা তার সেই স্বপ্ন পূরণ হতে দিলনা, দিলনা তার পরিবারকে সেবা করার সুযোগ। অকালেই লাশ হতে হলো তাকে।
শরিফ শিকদার বাড়ি মাগুরার শালিখার হাজরাহাটি গ্রামে। ১৮ জানুয়ারী যশোরের নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শরিফ যশোরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
নিহতের বাবা শাফিয়ার রহমান শিকদার জানান, তার বড় ছেলে শরিফ এসএসসি পাশ করে যশোরে পড়তে যায়। ঘটনার সময় সন্ধ্যায় যশোরের নিউমার্কেট এলাকায় বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। এ সময় পেছন থেকে কয়েকজন তার শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কারা কেন তাকে খুন করলো তিনি কিছুই জানেন না।
দুই ভাই-বোনের মধ্যে শরিফ বড়। তার বাবা শাফিয়ার রহমান শিকদার অবসর প্রাপ্ত সেনা সদস্য। তিনি স্থানীয় বাজারে সার কীটনাশকের ব্যবসা করেন।
শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাস্থল যশোর হওয়ায় মামলা সেখানে হয়েছে। তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি।


