মাগুরানিউজ.কমঃ
শাহরুখ খান ও কাজলের কালজয়ী প্রেমের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক। মুম্বাইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে ১৯৯৫ সালে মুক্তির দিন থেকে প্রায় ২০ বছর ধরে চলছিল ছবিটির প্রদর্শনী৷ তবে সেই পথচলা হঠাৎ থমকে গেলো।
এরই মধ্যে ৯৯০ সপ্তাহ চলে গেছে। আগামী ১২ ডিসেম্বর ছবিটি প্রদর্শনের হাজার সপ্তাহ পূর্ণ হওয়ার কথা৷ ৬ সেপ্টেম্বরও সেখানে দর্শকরা ছবিটি উপভোগ করেছে। কিন্তু পরদিন মঙ্গলবার থেকে মারাঠা মন্দিরে ঝুলিয়ে রাখা হয়েছে একটি বোর্ড। তাতে লেখা- অনিবার্য কারণে এ ছবির প্রদর্শন বন্ধ রাখা হলো।
জানা গেছে, আগামী বেশ কিছুদিনের জন্য স্থানীয় সময় সকাল আটটা থেকে সারাদিনের জন্য মারাঠা মন্দির বরাদ্দ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রেক্ষাগৃহটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ নেবেন কমিশনের ১২০০ কর্মী। মারাঠা মন্দিরের ব্যবস্থাপনা পরিচালক মনোজ দেশাই বলেন, ‘এই প্রশিক্ষণ প্রক্রিয়ার জন্য এই জায়গাটা নির্বাচন কমিশনের সত্যিই দরকার ছিল। তাই ছেড়ে দিতে হলো। তবে প্রশিক্ষণ শেষে আবার ছবিটি চলতে পারে।’
হিন্দি ছবিতে গত কয়েক বছরে অনেক পরিবর্তন এলেও ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র আবেদন ফুরায়নি। প্রেমের ছবিটিকে ঘিরে দর্শকের ভালোবাসা টিকে রয়েছিল মারাঠা মন্দিরের সুবাদে। একটি নির্দিষ্ট প্রেক্ষাগৃহে ২০ বছর ধরে শুধু একটি ছবির প্রদর্শন হওয়ার নজির গোটা বিশ্বে বিরল। গুঞ্জন রয়েছে, হাজার সপ্তাহ পূর্ণ হওয়ার পর মারাঠা মন্দিরে আর চালানো হবে না শাহরুখ-কাজল জুটির ছবিটি।


