মাগুরানিউজ.কমঃ
ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের অবিশ্বাস্য এক জয়ের পর স্বপ্নের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এই এক জয়ে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ এক সঙ্গে কোয়ার্টার ফাইনালে তুলে ফেলল শ্রীলংকাকেও। অথ্যাৎ ‘এ’ গ্রুপ থেকে কোন চারটি দল শেষ আটে যাচ্ছে সেটা নিশ্চিত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, শেষ আটে তাহলে বাংলাদেশের সামনে কে?
গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। এই ম্যাচটিতে মাশরাফিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৩ মার্চ হ্যামিল্টনে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে হেরে গেলেও কোন চিন্তা নেই। শেষ আট পুরোপুরি নিশ্চিত। তবে হিসাব-কিতাব থাকবে গ্রুপে কার অবস্থান কোথায় থাকবে তা নিয়ে।
নিউজিল্যান্ডের সঙ্গে হেরে গেলে বাংলাদেশের অবস্থান হতে পারে চার নম্বরে। সে ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ‘বি’ গ্রুপ থেকে এক নম্বর হয়ে আসা দলটি। সেটা হতে পারে ভারত। কারণ, ইতিমধ্যে ৪ ম্যাচ থেকে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে ওই গ্রুপের শীষে রয়েছে ভারত। তাদের শেষ দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে। সুতরাং, তারা যে অনায়াসে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠতেছে তাতে কোন সন্দেহ নেই। এবং একই সঙ্গে শেষ আটে মুখোমুখি হবে বাংলাদেশেরই।
তবে ১১ মার্চ হোবার্টে কোনভাবে যদি অঘটন ঘটে যায় আর শ্রীলংকা হেরে যায় স্কটল্যান্ডের কাছে, তাহলে বাংলাদেশ উঠে যাবে গ্রুপের তৃতীয় দল হিসেবে। কিংবা বাংলাদেশ যদি কোনভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তৃতীয় কিংবা দ্বিতীয়ও হয়ে যেতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান কিংবা আয়ারল্যান্ড/ওয়েস্ট ইন্ডিজের কেউ।
তবে এসবই কেবল হিসাব-নিকাশ। কোন অঘটন না ঘটলে এইসব হিসাব-নিকাশ তৈরী হবে। আর তা না হলে ‘এ’ গ্রুপের চার নম্বর এবং ‘বি’ গ্রুপের এক নম্বর দল হিসেবে বাংলাদেশ আর ভারতই মুখোমুখি হবে শেষ আটে।


