মাগুরানিউজ.কমঃ
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও থিতু হতে চাইছেন অভিনেতা সাব্বির আহমেদ। এখন তিনি অভিনয় করছেন গোলাম মোস্তফা শিমুলের ‘কারণ তোমায় ভালোবাসি’ এবং ‘হরি জুপিয়া’ সিনেমাতে। দুটি সিনেমাতেই সাব্বিরের বিপরীতে অভিনয় করছেন মডেল, অভিনেত্রী বিথী সরকার।
ঢাকাই সিনেমা নিয়ে বেশ আশাবাদী তিনি।এখন ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় অনেকে পরিচালক খুব অল্প বাজেটেই আর সিনেমা নির্মাণ করতে পারছেন। ভালোর পাশাপাশি বেশ কটি খারাপ কাজও হচ্ছে। তবে দর্শক খারাপটা বর্জন করছে। আগামীতে ঢাকাই সিনেমায় আবারও সোনালী দিন ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি।
নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয় ঠিক মতো চালিয়ে যেতে চান সাব্বির।
১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার প্রেক্ষাপটে নির্মিত ‘হরি জুপিয়া’ সিনেমাতে প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখা যাবে সাব্বির-বিথীকে।
সিনেমাটি নিয়ে সাব্বির বলেন, “সিনেমাতে আমাদের জুটির কোনো নাম না থাকলেও গল্পের ধারাবাহিকতায় দর্শক নিজেকে সেই চরিত্রে খুঁজে পাবেন। সিনেমাটি বুদ্ধিজীবি হত্যাকান্ডের প্রেক্ষাপটে নির্মিত হলেও সেখানে শত বছর আগের সময়ের সঙ্গে যোগসূত্র খুঁজে পাবেন এ সিনেমাতে।”
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘হরি জুপিয়া’ ১৪ই ডিসেম্বর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সাব্বির।
এখন তিনি সুমন আনোয়ারের ধারাবাহিক নাটক ‘বিজলী’, সাজ্জাদ হোসেন দোদুলের ধারাবাহিক ‘সংঘাত’, বাবুলের ধারাবাহিক ‘দাহ’তে অভিনয় করছেন।
সাব্বির তার অভিনয় জীবন শুরু করেন নিজ জেলা মাগুরাতে। প্রথমে লায়ন কিং ও পরবর্তীতে অনন্যা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ঢাকায় এসে প্রাঙ্গনেমোর থিয়েটার দলের সদস্য হন। প্রাঙ্গনেমোরের হয়ে ‘শ্যামাপ্রেম’ এবং ‘লোক নায়ক’ নাটকে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে তারিক খানের পরিচালনায় ‘প্রেম সৈনিক’-এর মাধ্যমে টিভি নাটকে যাত্রা শুরু। তার অভিনীত নাটকগুলোর মধ্যে সুমন আনোয়ারের ‘তার মনে শংশয়’, ‘মাল্যদান’ ও ‘১৯৬৮ মায়া’, শিহাব শাহীনের ‘মনসুবা জংশন’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘সংঘাত’ , লুৎফুন নাহার মৌসুমীর ‘বড় বাড়ির ছোট বউ’ ও ‘১০০ মিটার’, গিয়াস উদ্দিন সেলিমের ‘রোদ’, আশরাফুল আলম রিপনের ‘মনে পড়ে রুবি রায়’ , রিয়াজুল ঋজুর ‘টস’ নাটকগুলো উল্লেখযোগ্য।


