মাগুরানিউজ.কমঃ
আইটিসি মৌর্য৷ নয়াদিল্লির চোখধাঁধানো বিলাসবহুল হোটেল৷ এক সময়কার মৌর্য শেরাটন৷ এমনিতেই এই হোটেল দিল্লির অন্যতম দ্রষ্ট্রব্য৷ সমস্ত পয়সাওয়ালা অভিজাতর স্বপ্ন হল এই হোটেলে থাকা৷ ওবামার ভারত সফর উপলক্ষে আবার খবরের শিরোনামে উঠে এসেছে আইটিসি মৌর্য৷
হবে নাই বা কেন? ভারত সফরে এসে এই হোটেলেরই গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল স্যুইটে উঠবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সেদেশের ফার্স্ট লেডি মিশেল ওবামা৷ হোটেল মৌর্যর ১৪ তলায় এই প্রেসিডেন্সিয়াল স্যুইট৷ এককথায় ছোটোখোটো একটি প্রাসাদ৷ গোটা ফ্লোরজুড়েই দম্পতির থাকার বন্দোবস্ত হয়েছে৷ এই স্যুইটের জন্য বরাদ্দ রয়েছে পৃথক রিসেপশন ও আলাদা লিফট৷ এছাড়াও রয়েছে মিনি স্পা ও জিমনাসিয়াম৷
ওবামার নিরাপত্তার জন্য ব্লক করে দেওয়া হয়েছে হোটেলের ৪৪০টিরও বেশি ঘর৷ একই কারণে দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হোটেলের বুকিং৷ যাঁরা আগে বুক করে ফেলেছেন তাঁদেরও বুকিং ক্যানসেলের জন্য অনুরোধ করা হয়েছে৷ হোটেলে ওবামা ও তাঁর সহযোগীদের আপ্যায়নে খরচ হবে ৭৫ লক্ষ টাকা৷ নিরাপত্তারক্ষীদের নজর গিয়েছে হোটেলের হেঁশেলেও৷ টহল দেওয়ার পাশাপাশি তাঁরা চেখে দেখছেন রান্না করা খাবারদাবার৷ বিশেষ করে প্রেসিডেন্টের জন্য যে মেনু নির্ধারিত হয়েছে সেদিকেই বেশি মনোযোগ রয়েছে তাঁদের৷


