মাগুরানিউজ.কমঃ
লন্ডনের মাদাম তুসো জাদুঘরের আদলে ভারতের কলকাতায় একটি মোমের মূর্তির জাদুঘর তৈরি হচ্ছে। এর নাম রাখা হয়েছে মাদার’স ওয়্যাক্স মিউজিয়াম৷ আপাতত নিউ কলকাতার ফিনান্স সেন্টারে প্রায় ৫০০০ স্কোয়্যার ফুট এলাকা জুড়ে গড়ে উঠছে মাদার’স ওয়্যাক্স মিউজিয়াম৷
জাদুঘরটির উদ্বোধন হবে ১০ নভেম্বর৷ এতে বিভিন্ন ক্ষেত্রের দিকপাল ছাড়াও ভারতীয় সিনেমার বিশিষ্ট ব্যক্তিত্বদের মোমের মূর্তি স্থান পাবে৷ শাহরুখ, অমিতাভ ছাড়াও সচিন টেন্ডুলকার, রাষ্ট্রপতি প্রণব মুখার্জিরও মূর্তি তৈরি করা হয়েছে৷ মোট ১৯ টি মূর্তি রেখেই এই জাদুঘরটি উদ্বোধন করা হবে৷ পরে হয়তো সংখ্যা বাড়তে পারে৷ মূর্তিগুলো তৈরি করছেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়৷


