মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব-আল হাসানের শাস্তির মেয়াদ তিন মাস কমানো হয়েছে। ২৬ আগস্ট মিরপুরের বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছিল।
এর ফলে অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারবেন সাকিব। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারবেন তিনি। তবে বিদেশি লিগের ওপর তার নিষেধাজ্ঞা বহাল থাকছে।
শনিবার বিসিবির পরিচালক জালাল ইউনুস জানান, আসন্ন এশিয়ান গেমসেও খেলতে পারবেন বাংলাদেশের সেরা অল-রাউন্ডার সাকিব। তিনি জানান, ‘আসন্ন ১৭তম এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাকিব।’
এর আগে গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। সিদ্ধান্তে আরও জানানো হয়, ১৮ মাস অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কোনো লিগে খেলতে পারবেন না তিনি। বিসিবি’র পরামর্শে গত ২০ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে শাস্তি কমানোর জন্য আবেদন করেছিলেন সাকিব আল হাসান। এর ফলে তার শাস্তির মেয়াদ ধরা হয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

