মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-তিন দিনেই ইংল্যান্ডকে টেস্ট হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ১০৮ রানের দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে জিম্বাবুয়ে ও ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজের বাইরে এই প্রথম কোনো শক্তিশালী দেশকে টেস্টে হারাল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটা তাদের অষ্টম জয়। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। অভিনন্দন জানিয়েছে মাগুরাবাসী ও মাগুরা নিউজ।
আজকের খেলায় বেন স্টোকসকে আউট করে অভিনব এক ভঙ্গি করেছেন সাকিব আল হাসান। এর আগে এমন দৃশ্য দেখা যেত ক্যারিবিয়ান ক্রিকেট লিগে। আউটের পর প্রতিপক্ষের ব্যাটসম্যানকে অত্যন্ত সম্মানভরে স্যালুট ঠোকা। এবার ইংল্যান্ডের বিপক্ষে একই কাজ করে দেখালেন সাকিব। ছয় নম্বরে ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়ছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর এবার ৬ নম্বরে নেমে করেছিলেন ২৫ রান।
সেই বেন স্টোকসকে বোল্ড করেই টপাস করে এক স্যালুট ঠুকে বসলেন সাকিব। সাকিবের স্যালুটে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম।
এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ২৯৬ রানের পর ইংল্যান্ডের সামনে ছিল ২৭৩ রানের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ টপকাতে গিয়ে ১৬৪ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।


