মাগুরানিউজ.কমঃ
শেষ হতে যাচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টারের অষ্টম সিজন। ৮ নভেম্বর শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে জমকালো গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ অষ্টম সিজন। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এবারের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান আগের চেয়ে আরো জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান জুড়ে থাকবে সৌন্দর্য, ফ্যাশন, নাচ আর সংগীত। পূর্বের লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ীরাও বিশেষ পারফরমেন্সে করবেন এ মঞ্চে। এ ছাড়া এবার প্রথমবারের মতো এ দেশের নারীদের সৌন্দর্যকে ট্রিবিউট জানাতে এ মঞ্চে গান করবেন ব্যান্ডতারকা জেমস।
এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টারের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন যে পাঁচ সুন্দরী তারা হলেন নাদিয়া, নীলা, নাজিফা, প্রেমা ও সুপ্রিয়া। তারা তাদের রূপ ও গুণের ঝলক ছড়িয়ে দেবেন সারা দেশে।
এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টারের টপ ফাইভের কন্যারা তাদের অসাধারণ পারফর্মেন্সের মধ্য দিয়ে ইতোমধ্যে তিনজন বিচারক সূবর্ণা মুস্তাফা, অপি করিম ও তাহসানের মনও জয় করে নিয়েছেন। এবার অপেক্ষার পালা কোন সুন্দরী তার গুণ ও রূপের ঝলক দেখিয়ে জিতে নেবেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪-এর মুকুটটি।


