মাগুরানিউজ.কমঃ
মাগুরা থেকে যশোর-খুলনা ও ফরিদপুর-ঢাকাগামী সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুরের ঘটনায় আটক দুই বাস শ্রমিককে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, এসপি ও মধুখালী থানার ওসিকে প্রত্যাহারের দাবিকে মঙ্গলবার থেকে পরিবহন ধর্মঘট চলছে।
দাবি না মানলে বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে খুলনা ও রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার বাস ধর্মঘট শুরু হবে করা বলে মাগুরা বাস মালিক সমিতি জানিয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে এসব সড়কে চলাচলকারি হাজার হাজার যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
মাগুরা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি ইমদাদুর রহমান জানিয়েছেন, সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে সোহাগ পরিবহনের এসি কোচ বেনাপোলের উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে আসে। বাসটি ফরিদপুরে পৌঁছালে ওই বাসে ডাকাতি হয়। এরপর বাসের চালক সরাসরি মধুখালী থানায় গিয়ে গাড়ি থামান। এ সময় তিনি যাত্রীদের নিয়ে থানায় মামলা করতে যান। কিন্তু ওসি মামলা না নিয়ে টালবাহানা শুরু করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশে ওসি চালক আয়নাল ও চেকার রবিউল ইসলামকে আটক করেন।
তিনি আরো জানান, তাদের দাবি মেনে না নিলে বৃহস্পতিবার ৫টার পর থেকে খুলনা ও রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার বাস ধর্মঘট শুরু করা হবে।
মাগুরা থেকে ঢাকাগামী সব পরিবহন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলের পর থেকে হঠাৎ করে যারা ঢাকায় যাওয়ার জন্য আগে থেকেই টিকিট কিনেছিলেন কিংবা আসন সংরক্ষণ করেছিলেন তাদের টিকেটের টাকা ফেরত দেওয়া হয়েছে। পরিবহণ কাউন্টার থেকে বলা হচ্ছে, মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা টিকেট বিক্রি বন্ধ রেখেছি। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মাগুরা থেকে ঢাকায় যাওয়া ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার বাদশা মিয়া জানান, মালিকপক্ষ টিকেট বিক্রি করতে নিষেধ করে দিয়েছেন। এ জন্য টিকেট বিক্রি বন্ধ রয়েছে।
তিনি বলেন, নিদের্শ না প্ওায়া পর্যন্ত কোন গাড়ি ঢাকায় যাবে না। কখন গাড়ি ছাড়বে তাও বলা যাচ্ছে না। শুধু ঈগল নয় হানিফ সোহাগ ও একে ট্রাভেলসসহ ছোটবড় সব পরিবহনেরই অবস্থা একই। অভ্যন্তরীণ রুটেও কোন বাস চলছে না।
মাগুরার পারনান্দুয়ালি বাসস্ট্যান্ডে হানিফ পরিবহনের কাউন্টারের সামনে থেকে আজিজুর রহমান জানান, তার বড় বোন হাসপাতালে ভর্তি। ঢাকা যাবেন বলে স্ট্যান্ডে এসে গাড়ি না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকে জরুরি প্রয়োজনে অটো মাহেন্দ্র ও নছিমন করিমনে ভেঙে ভেঙে কয়েকগুণ ভাড়া দিয়ে চলাচল করছেন।
মাগুরার সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায় বলেন, মাগুরাসহ সকল রুটে গাড়ি যাতায়াত বন্ধ রয়েছে। সমস্যাটি ফরিদপুরের। এ নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।


