মাগুরানিউজ.কমঃ
ক্রিকেট খেলাটায় ফুটবলের স্কোর নিয়ে আসার সুযোগ করে দিল বাংলাদেশের যুবারা। সাত ম্যাচের যুব ওয়ানডে সিরিজে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলল। আজ চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও জিতেছে নাজমুল হোসেনের দল।
যুবারা নিজেদের পরিচিত কন্ডিশনে খেলেছে। কিন্তু তার পরও দক্ষিণ আফ্রিকা দলটি এভাবে খড়কুটোর মতো উড়ে যাবে! সিরিজের ফলাফলের মতো বেশির ভাগ ম্যাচও হয়েছে একতরফা। দক্ষিণ আফ্রিকা একটা ম্যাচই জিতেছে, সেটিও মাত্র ২ রানে। না হলে বড় ভাইদের মতো অনুজরাও আরও একটি বাংলাওয়াশ উপহার দিতেই পারত।
তবে আজ বেশ লড়াই হলো। নাটকীয়ভাবেই জিতেছে বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ২৩২ রান পেরিয়ে গেছে মাত্র এক উইকেট আর দুই বল বাকি রেখে। ২১৭ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। শেষ উইকেটে ১৯ রানের জুটিটাই জয় এনে দিয়েছে বাংলাদেশকে।
অধিনায়ক নাজমুল আজও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সিরিজ সর্বোচ্চ ২৭৫ রান করার পথে খেলেছেন ৫৫ রানের ইনিংস। মেহেদি হাসান ৬৭ বলে ১০ চারে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন।
নাজমুল-মেহেদির ৯৯ রানের জুটিতে ৩ উইকেটে ১৭৬ রান তুলে ফেলেছিল বাংলার যুবারা। কিন্তু ৩১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে জয়ের পথটা কঠিন হয়ে যায়। ছয়ে নামা সাইফুদ্দিনের অপরাজিত ৩৪ রানের ইনিংসটার মাহাত্ম্য তাই বেড়ে যাচ্ছে। শেষ ব্যাটসম্যান সালেহ আহমেদকে নিয়েই দলকে জয় এনে দেন তিনি।
এই সিরিজে ৫ উইকেট ও ১৪০ রানে প্রথম দুটো ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে ২ উইকেটে হারে বাংলাদেশ। আজকের ম্যাচের আগের তিনটিতে জয় এসেছে ২৬ রান, ৮ রান ও ৪৫ রানে। নাজমুলের পাশাপাশি পিনাক ঘোষ সিরিজে ২৫৫ রান করেছেন। সালেহ আহমেদ ও সাইফুদ্দিন নিয়েছেন ১৩ ও ১১ উইকেট।


