এ ব্যাপারে মাগুরা সদর থানা পুলিশ মাগুরা থানার মামলা নং-৩৭(৬)১৫, ধারা-মানব পাচার প্রতিরোধ দমন আইন/২০১২ এর ৮, মামলার আসামী ১) মোঃ জসীম(২৮), পিং-মৃত লুক মিয়া, সাং-নবীনগর পশ্চিম পাড়া, থানা-নবীনগর, জেলা-বি-বাড়ীয়া এবং ২) আরিফুজ্জামান (৪০), পিং-মৃত নূরুজ্জামান, সাং-দাসনা, থানা ও জেলা-মাগুরাদ্বয়কে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে জেলহাজতে প্রেরনের আদেশ দেন।
এর আগে রবিউল ওরফে রানা (২৫) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিউল মাগুরা সদর উপজেলার ঢেফুলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে মাগুরার একাধিক যুবক নিখোঁজ রয়েছে। দালাল চক্রের খপ্পরে পড়ে নিখোঁজ যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পাচারকারীদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকারী চক্রের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। পাচারকারীদের আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাচারকারী চক্রের মূল হোতার তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।


