মাগুরানিউজ.কমঃ
চলমান নাশকতার বিরুদ্ধে মাগুরার শ্রীপুরে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন স্থানীয় জনগন। কমিউনিটি পুলিশিং এর ব্যানারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বুধবার শ্রীপুর থানা কম্পাউণ্ডে আয়োজিত সমাবেশে নতুন করে শপথ নিলেন তারা। চলমান নাশকতার বিরুদ্ধে শ্রীপুরবাসীর এ আন্দোলনে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা পুলিস একাত্নতা প্রকাশ করেছেন। স্থানীয় জনগন শপথ নিয়েছেন তারা সবাই মিলে নাশকতা রুখে দেবেন।
পুলিশই জনতা, জনতাই পুলিশ-এই স্লোগান নিয়ে চলমান নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ করেছে মাগুরার শ্রীপুর উপজেলার কমিউনিটি পুলিশিং এর সদস্যরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায়।
শ্রীপুর থানা কম্পাউন্ডে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হুমায়ুন উর রশিদ মুহিত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির।
এতে বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। সভায় কমিউনিটি পুলিশিং এর প্রায় দেড় হাজার সদস্য অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, কমিউনিটি পুলিশিং এর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গত সাত মাসে এ উপজেলার অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে। একই ধারাবাহিকতায় চলমান নাশকতা সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পুলিশ ভূমিকা রাখছে।
সভায় ২৩ ফেব্রুয়ারি ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা এলাকায় পাঁচ হাজার সদস্যের উপস্থিতিতে নাশকতাবিরোধী মানববন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



