মাগুরানিউজ.কমঃ
সুরকার-গীতিকার ও লেখক হাফিজুর রহমানের জন্ম ৫ ফ্রেব্রুয়ারী ১৯৩৭ খ্রিস্টাব্দে মাগুরা জেলার ধোয়াইল গ্রামে মাতুলায়য়ে। একই জেলাধীন বালিয়াডাঙ্গা গ্রামবাসী পিতা ছিলেন বিখ্যাত মৌলানা মোঃ আজিজুর রহমান যোশরী।
প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আব্দুল লতিফ, জনাব খন্দকার নুরুল আলম ও ওস্তাদ কাদের জামেরীর নিকট থেকে পাঠ গ্রহণ করেন। লোক সংগীত সম্রাট আব্বাস উদ্দীন ও লোক সংগীতের দিকপাল নির্মলেন্দু চৌধূরীর (কোলকাতা) সান্নিধ্যে বিভিন্ন সময়ে তিনি লোক সংগীতের উৎকর্ষ বিষয়ক উপদেশ লাভে সাংগীতিক জীবন সমৃদ্ধ করেন। ১৯৬৩ খ্রিঃ হতে ঢাকা বেতারে এবং ১৯৬৬ খ্রিঃ হতে টেলিভিশনে কন্ঠসংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। বেতারে ১৯৬৮ খ্রিঃ এবং পরবর্তীতে টেলিভিশনে গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হাফিজুর রহমান আমাদের লোকসংগীত ভুবনে এক যশস্বী শিল্পী ও সংগীতকার। তিনি লোকসংগীত রচনায় যথেষ্ঠ সফলতার পরিচয় দিয়েছেন।
মাগুরার আঞ্চলিক ভাষায় রচিত তাঁর ‘নাতি খাতি বেলা গেল শুতি পাললাম না ………’ গানটি এদেশের সংগীত পিয়াসীদের স্মৃতিতে আজও স্মরণীয় হয়ে আছে। হাফিজুর রহমানের রচনা ও সুরে তাঁর স্বকন্ঠে এবং ভারত ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের কন্ঠে ঢাকা, কোলকাতা ও করাচী থেকে ১টি লং প্লে গ্রামোফোন রেকর্ডসহ ৪৩টি গানের গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়েছে। পাকিস্তান থেকে প্রকাশিত স্বাধীনতাযুদ্ধ শুরুর পূর্বে বঙ্গবন্ধু , স্বাধীনতা, ভাষা ও গণআন্দোলদন ভিত্তিক সর্বপ্রথম প্রকাশিত গ্রামোফোন রেকর্ডের গানগুলির রচনা, পরিচালনা, ও স্বকন্ঠে (সহ শিল্পীবৃন্দসহ) প্রচার করেন।
এইচ.এম.ভি গ্রামোফোন রেকর্ড কোম্পানীতে রেকর্ডকৃত স্বাধীনতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর রচিত আমার ‘নেতা শেখ মুজিব’ শিরোনামে করাচী থেকে প্রকাশিত ৪টি গানের রেকর্ড তৎকালীন শোতৃমন্ডলীর কাছে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। এই গানগুলি স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে অসংখ্যবার প্রচারিত হয়েছে। কৃষি, গণশিক্ষা, নির্বাচন, পরিবার পরিকল্পনা বিষয়ক সমকালীন প্রেক্ষাপটে সংগীত ও গীতিনক্সা রচনায় তিনি সিদ্ধহস্ত ; এবং এ গুলির নিজস্ব সুর সংযোজনায় ও স্বকন্ঠে পরিবেশনে তিনি প্রায় পাঁচ দশক ধরে বেতার টেলিভিশনসহ আমাদের সংগীত জগতে সক্রিয় আছেন।
হাফিজুর রহমানের গানে রয়েছে সামাজিক কুসংষ্কার ও প্রথাবিরোধী আন্দোলন প্রয়াসী সোচ্চার সমালোচনা। তিনি সংগীতের একজন সুশিক্ষিত প্রশিক্ষক হিসেবেও নিজেকে ব্যাপৃত রেখেছেন বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানে। হাফিজুর রহমান ভাওয়াইয়া গানের একজন দক্ষ শিল্পী। লোক-ঐতিহ্যের আবহে রচিত গানেই তিনি সফলতা পেয়েছেন বেশি। এ ছাড়া একজন সমাজ সচেতন লেখক-কবি হিসাবে বাংলাদেশের এবং পশ্চিম বাংলার অনেক পত্র-পত্রিকায় জনাব রহমানের লেখা প্রকাশিত হয়ে আসছে। ইতোমধ্যে তাঁর লেখা দুটি বই “তবে কিন্তু কেন” এবং “স্রষ্টা সমীপে” দেশ-বিদেশে সুধী সমাজের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যক্তি জীবনে তিনি একজন ইঞ্জিনিয়ার এবং অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী।


