মাগুরানিউজ.কমঃ
আমিষের চাহিদা পূরণে ছোট মাছের কোনো বিকল্প নেই। সম্প্রতি সময়ে মাগুরার বাজারে মলা, ঢেলা, আমদি, দেশি পুঁটি, মায়া চ্যালা, ছোট দেশি টেংরা, ছোট বেলে মাছের সরবরাহ কিছুটা বেড়েছে তবে দামও বেশ বেশি।
মাগুরা শহরের জামরুলতলা সন্ধ্যা বাজারে শুক্রবার অনেক পাঁচ মিশালী ছোট মাছ দেখা গেলেও দাম বেশির কারণে ক্রেতা কম দেখা গেছে। রহিম নামের এক ক্রেতা বলেন, ছোট মাছের বড় দাম। তাই ছোট মাছ না কিনে বড় মাছ কিনে নিচ্ছি।
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বড় মাছের দাম স্থিতিশীল থাকলেও ছোট মাছের দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজি পাঁচমিশালী ছোটমাছ আকার ভেদে ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আড়ৎদাররা বলেন, আমাদের বেশি দামে ছোট মাছ কিনতে হয়েছে। তাই বেশি দামে বেচতে হচ্ছে।
ছোট মাছ কিনতে না পেরে আক্ষেপ করে রহমান নামের এক ক্রেতা বলেন, দেশি জাতের পুষ্টিগুণসমৃদ্ধ ছোট মাছ কেনার ইচ্ছা থাকলেও দাম বেশি থাকায় কিনতে পারছি না। এ রকম ছোট মাছের দাম বেশি থাকলে অনেক ক্রেতাকে এ জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত হতে হবে।


