মাগুরানিউজ.কমঃ
মাগুরায় মানুষের শত্রুতায় প্রাণ গেলো চার গরুর। সোমবার বিকেলে শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক সহোদর সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানান, প্রতিবেশি হাফিজার রহমান বিশ্বাস তাদের বাড়ির পাশের জমিতে ঘাসের আবাদ করেন। হাফিজারের ঘাসের ক্ষেতে মাঝেমধ্যে তাদের গরুর বাচ্চা (বাছুর) প্রবেশ করত।
গরুর বাছুর হত্যা করতে তিনি (হাফিজার) পরিকল্পিতভাবে ঘাসে উচ্চ মাত্রার বিষ প্রয়োগ করেন।
ঘটনার দিন বিকেলে গরুর চারটি বাছুর ঘাস খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। খবর পেয়ে তিনি গিয়ে দেখতে পান একই সারিতে তিনটি গরুর বাছুর মরে পড়ে আছে। এ সময় অপর গরুটিকে যন্ত্রণায় কাতরাতে দেখে পশু চিকিৎসকদের খবর দেয়া হয়। এরপর সন্ধ্যায় ওই গরুটিও মারা যায়।
ক্ষতিগ্রস্ত আরেক কৃষক রেজাউল ইসলাম জানান, প্রতিবেশী হাফিজার বিশ্বাসের সঙ্গে তাদের র্দীঘদিনের বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করতে পারে বলে সন্দেহ করছেন রেজাউল। হাফিজার ওই গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।
তিনি আরও জানান, মরা গরুর ৩টিই বাছুর। একটি বয়স্ক গাভি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’


