মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার চর চৌগাছী মাঠে বুধবার বিকেলে বজ্রপাতে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলেন- নিজাম শেখ (৬০), মোহাম্মাদ আলী বিশ্বাস (৫০) ও শাহাদাত আলী (৬০)। তাদের দুজনের বাড়ি চরচৌগাছী ও অপরজনের বাড়ি বাজবাড়ী জেলার শোলাবাড়িয়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চর চৌগাছী গ্রামের ফসলের মাঠে ওই গ্রামের মৃত আঃ মালেক বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাসের জমিতে কাজ করছিলেন। বিকাল সাড়ে ৩ টার দিকে হঠাৎ উত্তর আকাশে মেঘ করে ঝড়বৃষ্টি শুরু হলে তারা পার্শ্ববর্তী গাছতলায় গিয়ে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহাদাৎ আলী মারা যান। পরে এলাকাবাসী গুরুতর আহত চর চৌগাছি গ্রামের মৃত জুলমত শেখের ছেলে নিজাম ও রাজবাড়ী জেলার সোলাবাড়িয়া গ্রামের আজমত আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত নজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শ্যামানন্দ কুন্ডু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেককে ২৫ হাজার করে টাকা অনুদান প্রদান করেন।

