মাগুরানিউজ.কমঃ
শাপলা আমাদের জাতীয় ফুল। বর্ষায় বিলের জলে দেখা যায় এই শাপলার হাসি। এই শাপলা আবার জীবিকা নির্বাহের উপায় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কারণ গ্রামবাংলার মানুষগুলো শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করে।
মাগুরার খাল-বিলগুলোতে এখন দেখা মিলছে শাপলার। দেখলেই দুচোখ জুড়িয়ে যায়। এই জাতীয় ফুল শুধু চোখ জুড়াচ্ছে না, মেটাচ্ছে পেটের ক্ষুধাও। প্রতিদিন শাপলা সংগ্রহ ও বিক্রি করে ভালো টাকা আয় করছে বেকার কৃষক, জেলে ও তাদের পরিবারের সদস্যরা।
শাপলা সংগ্রহকারী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শাপলা নানান কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে তরকারি হিসেবে এটি বেশ জনপ্রিয়। শাপলার ডাটা বেশ সুস্বাদু। আর এই শাপলা বিক্রির জন্য কোনো পুঁজিরও প্রয়োজন হয় না। আষাঢ় থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত জেলার খাল-বিল ও নিম্নাঞ্চল পানিতে ডুবে থাকে। এই সময় সেখানে আপনা-আপনি শাপলা ফুটে ওঠে। খাল-বিল ছাড়াও বর্ষায় ডুবে যাওয়া ধান, পাট ও ধঞ্চে ক্ষেতে দেখা মেলে শাপলার।


