মাগুরানিউজ.কমঃ
শালিখায় শীতের সাথে পাল্লাদিয়ে কে কত আগে খেজুর রস আহরণ করতে পারে সে প্রতিযোগিতা চলছে গাছিদের মাঝে। কোনোভাবেই গাছিরা হেলাফেলা করে সময় নষ্ট করতে রাজি নয়। গ্রাম বাংলার গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধু বৃক্ষকে ঘিরে গ্রামীণ জনপদে শুরু হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।প্রতি কলস রস বিক্রি হচ্ছে এক’শ পঞ্চাশ থেকে দু’শ টাকায়।
মধুবৃক্ষ থেকে গাছিরা সংগ্রহ করছে সুমিষ্ট খেজুর রস, তৈরি হবে লোভনীয় গুড় ও পাটালী। রস জ্বালিয়ে ভিজানো পিঠা ও পায়েস খাওয়ার ধুম পড়েছে প্রতিটি গ্রামীণ জনপদে। দানা, ঝোঁলা ও নলেন গুড়ের স্বাদ ও ঘ্রাণই আলাদা। রসনা তৃপ্তিতে খেজুরের গুড়-পাটালীর কোনো জুড়ি নেই। শীত মৌসুম এলেই গ্রাম বাংলায় এক নতুন আমেজের সৃষ্টি হয়।


