মাগুরানিউজ.কমঃ
বর্ষা মৌসুমে নদীতে বেলে মাছ বেশি ধরা পড়ে। মাগুরার বাজারে যখন তাজা বেলে মাছ আসে, তখন তা থেকে চোখ ফেরানো যায় না। কিন্তু সেই মাছ কেনার সাধ্য সবার নেই। এখন এক কেজি মাঝারি আকারের বেলে মাছের দামও বিক্রেতারা ৭০০ টাকার বেশি চান। আকার আরেকটু বড় হলে দাম হাঁকা হচ্ছে কেজিপ্রতি হাজার টাকা।
বেলের মতো বর্ষায় যেসব মাছ বেশি পাওয়া যায়, সেই সব মাছের দাম ব্যাপক চড়া। একই সঙ্গে বেড়ে গেছে রুই, কাতলা, চিংড়ি, শিং, মাগুরসহ বিভিন্ন মাছের দাম। বিক্রেতারা বলছেন, বন্যা ও নদীতে পানি বেশি থাকায় মাছ ধরা যাচ্ছে না। এতেই সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে গেছে।
মাগুরা শহরের পুরাতন বাজারে শনিবার বেশ বড় আকারের এক কেজি বেলে মাছের দাম বিক্রেতা ৯০০ টাকা চাইলেন। বাজার ঘুরে দেখা গেল, বিভিন্ন আকারের বেলে মাছ আছে। তাজা মাছ ছোট আকারের হলেও দাম কেজিপ্রতি সর্বনিম্ন ৬০০ টাকা। নদীর যেকোনো মাছই বিক্রেতারা কেজিপ্রতি ৫০০ টাকার বেশি দাম চাইছিলেন।
এদিকে বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে দাম তেমন কমেনি।


