মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিন্তু কৃষকের মুখে দেখা দিয়েছে হাসি। পুরোদমে শুরু হয়েছে আমনের আবাদ।
কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি টানা বৃষ্টিতে স্যাঁতসেতে ভাব ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাস্তাঘাট প্রায় ফাঁকা। পিচ্ছিল আর কর্দমাক্ত হয়ে পড়েছে গ্রামীণ মেঠোপথ।
শহরাঞ্চলের অনেক সড়কেই পানি কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালের আষাঢ় মাস প্রায় বৃষ্টিহীন থাকার পর শ্রাবণের এই বৃষ্টি মানুষকে ঘরবন্দি করে ফেলেছে। ভোগান্তি বেড়েছে কর্মজীবী আর গরীব মানুষের।
জেলায় আবহাওয়া দপ্তর না থাকায় বৃষ্টিপাতের সঠিক পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। নিতান্তই জরুরি দরকার ছাড়া বাইরে বেরুচ্ছেন না কেউ। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক স্থানেই। তবে তীব্র আর ভ্যাপসা গরমের পর আবহওয়া কিছুটা ঠাণ্ডা ও স্বস্তিদায়ক।
শহর কেন্দ্রের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বৃষ্টিতে শিক্ষার্থীদের হাজিরা বেশ কমে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, মৌসুমী এই বৃষ্টি আকাঙ্খিত ও সকল ফসল আবাদের জন্য আশীর্বাদ স্বরুপ। আউশ ও আমন ধানের জন্য বিশেষ দরকারি। বর্ষণের এই পানি ওই ধান চাষে বিশেষ সহায়ক হবে। এখনো মাসখানের বেশি সময় আমন রোপণ চলবে (আগস্ট পর্যন্ত)। উচু ও মাঝারি দুই ধরণের জমিতেই আউশ-আমন চাষ হয়।


