মাগুরা সরকারি শিশু পরিবারের শিশুদের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস। আজ সকাল সাড়ে ৭টা থেকে তিনি শিশুদের স্বাস্থ্য পরিক্ষা করেন ও তাদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক কামরুজ্জামান খান ও শিশু পরিবারের কর্মকর্তাবৃন্দ।
ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান- মাগুরা সরকারি শিশু পরিবারে ১৫২ জন কণ্যা শিশু বসবাস করে। এদের মধ্যে অনেকেই বিভিন্ন রোগে ভুগছে। তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিমাসে একবার এ শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করবেন।
জেলা সমাজ সেবা বিভাগের উপ পরিচালক কামরুজ্জামান খান জানান, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় মাগুরা কর্তৃক গৃহীত বিশেষ কার্যক্রম ”স্বপ্নহারাদের স্বপ্নযাত্রা : তোমাদের পাশে আমরা” এই আহ্বানে সাড়া দিয়ে মাগুরা জেলার বিভিন্ন পেশাজীবীমহল এগিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মাগুরার তত্বাবধায়ক ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস একটি মেডিক্যাল টিম নিয়ে সরকারী শিশু পরিবারে আসেন এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের মাঝে ওষুধ বিতরণ করেন।


