মাগুরানিউজ.কম:
পাইকারিতে কমলেও খুচরা বাজারে চালের দামে এখনও স্বস্তি মেলেনি। কোথাও কোথাও কেজিপ্রতি দু-তিন টাকা কমলেও অধিকাংশ বাজারে এক সপ্তাহ আগের দামেই বিক্রি হচ্ছে চাল। ব্যবসায়ীরা বলছেন, নতুন ধান না ওঠা পর্যন্ত চালের দাম কমার কোনো সুযোগ নেই। কারণ চাহিদা থাকলেও চালের মজুদ তেমন নেই। এছাড়া এলসির (ঋণপত্র) চালও বাজারে আসতে সময় লাগছে।
চাল কিনতেই নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। তাদের প্রশ্ন, খুচরা বাজারে চালের দামে স্বস্তি কবে ফিরে আসবে? চাল নিয়ে চালবাজি কবে বন্ধ হবে?
মঙ্গলবার মাগুরার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মোটা চালের দাম কিছুটা কমেছে। কিন্তু সে তুলনায় সরু চালের দাম কমেনি। গত এক সপ্তাহের ব্যবধানে মোটা চাল কেজিতে দাম কমেছে দু-তিন টাকা। তবে অন্যান্য চালে কেজিতে দাম কমেছে মাত্র এক-দুই টাকা।
খুচরা বাজারে চাল কিনতে আসা শফিকুল ইসলাম বলেন, মিনিকেট প্রতি কেজি ৫৮ টাকায় বিক্রির কথা শুনে কিনতে আসি। কিন্তু এসে দেখি ৬৩-৬৮ টাকায় বিক্রি হচ্ছে। আগের দামেই তো কিনতে হচ্ছে। চালের দামে এখনও স্বস্তি ফিরে আসেনি।


