মাগুরানিউজ.কমঃ
অতি বর্ষণের প্রভাব পড়েছে মাগুরার সবজি বাজারে। বিক্রেতারা বলছেন, যেসব এলাকায় সবজি চাষ হয়, সেসব এলাকায় বন্যার কারণে সবজিখেত নষ্ট হয়ে গেছে। তাই বাজারে সবজির দাম বাড়তি।
আজ শুক্রবার মাগুরা শহরের পুরাতন বাজার ও নতুন বাজারে গিয়ে বর্ষার হরেক রকম সবজি দেখা যায়। এসব সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৫ থেকে ২০ টাকা বেড়েছে।
বিক্রেতারা বলছেন, বর্ষায় কাঁকরোল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল, ঢ্যাঁড়স, কচুমুখি, কচুর লতি, চালকুমড়া পাওয়া যাচ্ছে। শীতের সবজি ফুলকপি-বাঁধাকপিও আছে বাজারে।
সবজি বিক্রেতা মো. সবুজ বলেন, বর্ষার সব সবজিই বাজারে আছে। সরবরাহ কিছুটা কম বলে দাম বেশি। গত কয়েক দিনে বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম বলে এই বাড়তি দাম।
আরেক বিক্রেতা হাসান বলেন, ‘যেসব এলাকায় সবজি বেশি হয়, সেইখানে পানি উঠেছে। তাই সবজির দাম বেশি। আমরাও বেশি দামে কিনছি, তাই বেচতেও হয় বেশি দামে।’
প্রতিদিন সবজি কেনেন—এমন একজন ক্রেতা শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বাসার জন্য প্রতিদিন বাজারে আসতে হয়। প্রতিটি সবজির দাম বেশি। ৪০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। অথচ এক সপ্তাহ আগেও দাম কম ছিল।’


