মাগুরানিউজ.কমঃ
মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান মহোদয়ের বিশেষ উদ্যোগে এবার “পরিচ্ছন্ন মাগুরা” নামক একটি বিশেষ কর্মসুচী গ্রহণ করা হয়েছে।
আজ জেলা প্রশাসক মহোদয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে লিখিত আবেদনে বলা হয়-
মাগুরা শহরটা যেন স্মৃতির জনপথ, শান্তির এক শহর। সুপ্রাচীন এখানকার ইতিহাস। এখানকার লোকজনের মাঝে সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বিরাজমান। এখানকার অনেক সুন্দরের মাঝে কিছু অস্বস্তির বিষয় আছে। শহরের কিছু রাস্তার দুই পার্শ্বে প্রায়ই ময়লা আবর্জনা পড়ে থাকে। প্রায় প্রতিটি দোকানের সামনে ময়লা-আবর্জনা/কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি সহ নানা পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এর প্রেক্ষিতে সকলের সম্মতির ভিত্তিতে “পরিচ্ছন্ন মাগুরা” নামক একটি কর্মসুচী গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রাথমিকভাবে ভায়না মোড় থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। কাজটা অচিরেই শুরু হবে।
এ ব্যাপারে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, কর্মরত সকল পেশাজীবী, জেলা প্রশাসনের শুভাকাঙ্ক্ষীবৃন্দ, ব্যবসায়ী, মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী, স্কাউটের সদস্যসহ সমাজের সকল শ্রেণীর মতামত ও সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি কাজটা কিভাবে করলে কার্যকর ও স্থায়ী রুপ পাবে সে ব্যাপারে সবার মতামতও চাওয়া হয়েছে।


