মাগুরানিউজ.কমঃ
ঈদে আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ সেমাই। শুধু অতিথি আপ্যায়নে নয়, অনেকেরই পবিত্র ঈদুল ফিতরের দিন শুরু হয় সেমাই খেয়ে। তাই ঈদের কেনাকাটার শেষ পর্যায়ে মানুষ এখন ছুটছে সেমাই-চিনি কিনতে।
রবিবার মাগুরা শহরের বিভিন্ন স্থানের মুদি দোকানগুলোয় সেমাই-চিনি কিনতে দেখা গেছে ক্রেতাদের।
‘এক মাসের রোজার পর ঈদের দিন সকালে সেমাই খেয়েই দিন শুরু করি। এরপর ঈদের নামাজে যাই। এ কারণে রোজার ঈদে সেমাই ছাড়া চলে না। তবে সেমাইটা কেনা হয় সবার শেষে।’ আজ মাগুরা শহরের পুরাতন বাজার করতে আসা মো. ইয়াসিন হক মাগুরা নিউজকে কথাগুলো বলছিলেন।
বাজারে বিভিন্ন প্যাকেটজাত সেমাই ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ঘি, কিশমিশ, বাদাম, মসলা, দারুচিনি, এলাচি, গুঁড়ো ও তরল দুধ বিক্রি হচ্ছে।


