মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
ঈদের ছুটিতে সিনেমা দেখতে এসে প্রিন্ট খারাপ হওয়ার কারণে সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন ক্ষিপ্ত দর্শকরা। সিনেমা হলের সাদা পর্দা, বেঞ্চ, চেয়ারসহ হলের ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে চুরমার করে দিলেন তারা। পরে পুলিশ এসে ক্ষুব্ধ দর্শকদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটি ঘটেছে মাগুরা জেলা সদরের মধুমিতা সিনেমা হলে। ঈদের দিন সোমবারের প্রথম শোতে (১২টা থেকে বিকাল ৩টা) তিনশতের বেশি দর্শকের সমাগম ঘটে হলটিতে। ‘মনের মত মানুষ পাইলাম না’ নামে একটি সিনেমা চলছিল এখানে। শুরু থেকেই সিনেমাটির ছবি কিছু সময় পর পর থেমে যাচ্ছিল, কোথাও কোথাও শব্দে ত্রুটি থাকায় দর্শকরা চিৎকার চেচামেচি করতে থাকেন।
হল ম্যানেজার পান্না বলেন, এখন সিনেমা হলগুলোতে ঢাকা থেকে ইন্টারনেটে একযোগে সিনেমা চলে। আমাদের এখানে কারিগরি ত্রুটি ঠিক করার কোন সুযোগ না থাকায় দর্শকরা ক্ষিপ্ত হতে থাকে। এক পর্যায়ে তারা সিনেমা হলের ভিতরে ভাঙচুর শুরু করলে অবস্থার বেগতিক দেখে আমরা সদর থানায় খবর দেই।
মাগুরা সদর থানার এসআই বিশ্বজিৎ বিশ্বাস বলেন, সিনেমা হলে যারা ভাঙচুর করেছে তারা বেশির ভাগই গ্রামের দর্শক। তাদেরকে বোঝানোর মত পরিস্থিতি ছিল না বলে ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়া হয়। তারা লাঠিশোঠা নিয়ে সিনেমা হলের আসবাবপত্র ভাঙচুর করেছে।
শুনেছি সিনেমার প্রিন্ট খারাপ বলে এমন ঘটনা ঘটিয়েছে দর্শকরা।
সিনেমা হলের পাশের এক স্থানীয় ব্যবসায়ী বলেন, একশত টাকা করে টিকিট নিয়েছে হল কর্তৃপক্ষ। এতটাকা দিয়ে সিনেমা দেখতে এসে যদি তা ঠিক মত দেখা না যায় তাহলে তো দর্শক ক্ষেপবেই।
মাগুরা জেলার তিনটি পুরান সিনেমা হলের মধ্যে মধুমিতা হলটিই একমাত্র টিকে আছে শহরের পুরাতন বাজারে। অন্য দুটি হল বিলুপ্ত হবার পর প্রতি ঈদে এই হলটিতে সিনেমাপ্রেমীরা বাংলা ছবি দেখতে আসেন।

