মাগুরানিউজ.কমঃ
মাদকমুক্ত মাগুরা গড়ার লক্ষে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে মাগুরা জেলা পুলিশ। আর এ লক্ষে মাগুরায় গত ৭ মাসে মাদকবিরোধী অভিযানে ৪৪৯ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে মামলা হয়েছে ৩৯২টি।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ মাসে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১ কেজি ৬৮৬.৫ গ্রাম হেরোইন, ৬ হাজার ১৯৮ পিস ইয়াবা, ৫২ কেজি ৪৫৩ গ্রাম গাঁজা, ৪০৩ বোতল ফেনসিডিল, ৮৭.২৫ লিটার চোলাইমদ, ৯৫ লিটার তাড়ি উদ্ধার করেছে।
এছাড়া কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিয়মিত স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাদকবিরোধী কর্মসূচি পালন করা হচ্ছে। মাদকবিরোধী অভিযানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সব স্তরের মানুষ পুলিশকে সহযোগিতা করছে।
জেলা পুলিশের বিশেষ উদ্যোগে গত ২৭ মার্চ মাগুরা শহরের নোমানী ময়দানে মাদকবিরোধী বিশেষ অনুষ্ঠানে মাদক সংশ্লিষ্ট প্রায় ২০০ জন স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেয়। ওই অনুষ্ঠানে যারা স্বাভাবিক জীবনে ফিরে আশার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে কিনা, তা পুলিশের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।
পুলিশ সুপার মুনিবুর রহমান বলেন, মাগুরাকে মাদকমুক্ত করতে ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা করে অভিযান পরিচালিত হচ্ছে। ফলে জেলায় মাদকের ব্যাপকতা অনেকটাই কমে এসেছে।
জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী বা মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। বিয়ের পূর্বে পাত্র-পাত্রী মাদকমুক্ত কিনা বা তার বাবা-মা, আত্মীয়স্বজন মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত কিনা, তা যাচাই করে বিয়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।


