মাগুরানিউজ.কমঃ
মাগুরার সীমাখালীতে চিত্রা নদীর ওপর তৈরি বিকল্প সেতু দিয়ে আজ বৃহস্পতিবার বিকেল থেকে যান চলাচল শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
গত ১৩ ফেব্রুয়ারি অতিরিক্ত মালবাহী দুটি ট্রাক পারাপারের সময়ে সীমাখালীতে পুরাতন ব্রিজটি ভেঙ্গে পড়ে। এতে গত সাড়ে চার মাস মাগুরা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ ব্রীজের অদূরে দুই লেনের বিকল্প বেইলী ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়।
সাড়ে চার মাস পর আজ সেই বিকল্প বেইলী ব্রিজ চালু হলো। বিকেল ৩টা থেকেই ব্রিজের এক লেনের ওপর দিয়ে যাত্রীবাহী বাসসহ ছোট খাটো যান চলাচল করছে।
আগামী দু’এক দিনের মধ্যে অপর লেনের কাজ শেষ হবে বলে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী নূরুন নবী তরফদার জানান।
বিকাল ৩টায় ব্রিজের ওপর দিয়ে যান চলাচলের উদ্বোধনের সময় উপস্থিত ছিলনে, সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহল আমীন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রৌকশলী নূরন নবী তরফদার, সহকারি পুলিশ সুপার কনক কান্তি দাস, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ্যামল কুমার দে, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন, ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, তালখড়ি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজউদ্দিন মন্ডল প্রমুখ।
ছবি-সংগ্রহ


