মাগুরানিউজ.কমঃ
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বৈশাখ ও জ্যৈষ্ঠ- এ দুই মাস গ্রীষ্মকাল। এ সময়টা দেশের জন্য শুষ্কতা আর গরমে ভরপুর। যদিও মাঝে মাঝে বৃষ্টির দেখা মেলে। দেখা মেলে বৈশাখী ঝড়েরও। কিন্তু মাঝে মাঝে এর ব্যত্যয় ঘটতেও দেখা যায়। প্রচণ্ড গরমে চরম অস্বস্তিতে পড়ে যায় মানুষ।
বেশ কয়েকদিন যাবৎ তীব্র তাপদাহ দেশজুড়ে। গ্রামাঞ্চলে এর প্রভাব তেমন না হলেও শহরে গরমের কারণে অস্বস্তিতে পড়েছে মানুষ।
এই গরমে সবচেয়ে বেশি কষ্ট পায় শহরের শ্রমজীবী মানুষ। রিকশাচালকদের কষ্ট চোখে পড়ার মতো। তাদের মাথার ওপর থাকে না কোনো ছাতা বা মাথাল। সড়কে নেই কোনো বৃক্ষের ছায়া। কেবল গামছা দিয়ে মাথাটুকু ঢেকে তারা রিকশা চালান।
গরমে দুর্ভোগ পোহাতে হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। খুব বেশি মালামাল না হলে ভ্যান বা রিকশাযোগে নিয়ে যেতে হয় তাদের। প্রচণ্ড গরমে মালামালের ওপর বসে মাথায় সামান্য গামছা দিয়ে রোদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন তারা। অপরদিকে রিকশাচালকও গরমে অতিষ্ট হয়ে খালি গায়েই রিকশা চালাতে বাধ্য হন। সুযোগ পেলে কাজের ফাঁকে কোনো স্থাপনা বা পার্কের বৃক্ষের ছায়া খুঁজে জিরিয়ে নেন তারা।
অতিমাত্রায় গরম এবং অসহ্য প্রকৃতি থেকে মুক্তি চান সবাই। সবকিছুই মাত্রা অতিক্রম করলে তা শাস্তি বা অত্যাচারের মতো মনে হয়। তাই তো সর্বার প্রার্থনা, প্রকৃতি যেন শীতল। স্বর্গের শান্তি যেন নেমে আসে পৃথিবীতে। কামনায় বাসনায় এগিয়ে চলে জীবন। প্রত্যেকটি প্রাণি কেবল মুক্তি খোঁজে। অপরিসীম মুক্তি, সীমাহীন শান্তি।
ছবি- সৌজন্য


