মাগুরানিউজ.কমঃ
বিকাশের মাধ্যমে প্রতারণা করায় মাগুরা জেলার শ্রীপুর থানার মহেশপুর হতে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি দল।
শনিবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি নিউজ প্রকাশিত সংবাদ অনুযায়ী গ্রেফতারকৃতরা হলেন- সুজন শেখ, সামাদ মন্ডল, বিপ্লব শেখ, মাজেদুল মোল্লা, রিয়াজ মোল্লা ও মোঃ রনি মোল্লা । এসময় তাদের কাছ থেকে ০৯ টি মোবাইল ফোন এবং ১৩ টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চক্রের অন্যতম হোতা সুজন শেখ ও তার সহযোগীরা বিকাশ এর মাধ্যমে সাধারণ মানুষদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, ভুয়া এসএমএস পাঠিয়ে এবং ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিত বলে জানিয়েছে।
তিনি জানান, তাদের অনেক সদস্য ঢাকায় অবস্থান করে বিভিন্ন বিকাশের দোকানের পাশে ওঁত পেতে থাকে। পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর তথ্য তারা বিকাশ এজেন্টের চোখ ফাঁকি দিয়ে লেনদেনের টাকার অংকসহ নাম্বারগুলোর স্ক্রীনশট নিত।


