মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শুন্য পদের উপ নির্বাচনের দিন আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত চিঠি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে পৌছেছে।
তফসিল অনুসারে, এই নির্বাচনে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১ মার্চ। মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ও ৫ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ।
তফসিল পাওয়ার পূর্ব থেকেই মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রায় ১৩/১৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রচারণায় মাঠে নেমেছেন। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এ ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা কোন প্রার্থীর পক্ষে মাঠে নামবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতার মধ্যে পড়েছেন।
তথ্য অনুসন্ধানকালে জানা যায়, মাঠ পর্যায়ে বড় দুটি দলের নেতা-কর্মীরা দলীয় প্রতীক যে প্রার্থী পাবেন তার পক্ষেই ভোটের জন্য তারা মাঠে নামবেন। উপজেলার সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণার পাশাপাশি দলীয় প্রতীক পেতে দলের উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের কাছে দৌড় ঝাপ শুরু করেছেন।
মাঠে রয়েছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আবু আব্দুল্লাহেল কাফি, কামরুল হাসান, সাজ্জাদ শিকদার, ইকবাল আক্তার কাফুর উজ্জল, কোরবান আলী, ইউসুফ শেখ, ইফতেখার রশিদ আলম ও ঈদুল শেখ এবং বিএনপি সমর্থীত মনোনয়ন প্রত্যাশীরা হলেন, মো. আক্তারুজ্জামান, আরিফুজ্জামান মিল্টন ও মহিদুল ইসলাম। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাংবাদিক এসআরএ হান্নান।
উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, নির্বাচন কমিশন (ইসি) মেয়াদ শেষ হওয়া বা বিভিন্ন কারণে পদ শূন্য হওয়া ১২৭টি ইউপি ও ৯টি পৌরসভার নাম ঘোষনা করেছেন তার তালিকাসহ তফসিল তার কার্যালয়ে পৌছেছে। তফসিল অনুসারে আগামী ২৯মার্চ মহম্মদপুর সদর ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


